বরগুনা (উত্তর): বরগুনায় চলছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। বৃহস্পতিবার কবি নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। অনুষ্ঠানে জাতীয় কবি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন কবি নজরুল ইনস্টিটিউট’র নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা। নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৪ থেকে ২৬ জানুয়ারি বরগুনা জেলায় তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিন দিনের নির্ধারিত অনুষ্ঠান ছাড়াও রয়েছে বইমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা —ইত্তেফাক