দশ নারী প্রধানে এগিয়ে যাচ্ছে আড়াইহাজার

নারীরা এখন শুধু রান্নাঘরে কিংবা ঘরের কাজে তাদের দিন অতিবাহিত করেন না। এখন তারা সবখানেই নিজের জায়গা করে নিচ্ছেন নিজ নিজ যোগ্যতা, মেধা, বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দিয়ে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিভিন্ন বিভাগে এমনি ১০ নারী কর্মরত আছেন যাদের বিচক্ষণতায় এগিয়ে যাচ্ছে আড়াইহাজার। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা: সায়মা আফরোজ ইভা নরসিংদীর নারী। ডা. ইভা জহিরুল হক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে সরকারি চাকরিতে যোগদান করেন ২০১০ সালে। অদ্যবধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মেধাবী ও পরিশ্রমী এই মানুষটির জীবনযাপন অত্যন্ত সাদামাঠা। দায়িত্বের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমূল পরিবর্তন এনেছেন। হাসপাতাল স্বাস্থ্য সেবার পাশাপাশি মাঠ পর্যায়েও এনেছেন গতিশীলতা। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার আড়াইহাজার উপজেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৭ সালে মুন্সিগঞ্জের গজারিয়ায় জন্ম নেওয়া এ নারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও স্নাতকত্তোর সম্পন্ন করেন। এরপর ২০১১ সালে পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি থেমে থাকেননি। তার অদম্য ইচ্ছা ও চেষ্টার ফলে ২০১২ সালে ৩০ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি বিসিএস মৎস্য ক্যাডারে যোগদান করেন।

উপজেলা শিক্ষা অফিসার
আড়াইহাজার উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন রাফেজা খাতুন। শিক্ষাক্ষেত্রে তিনি বিএড ও এমএড ডিগ্রী অর্জন করেন। কর্মজীবন শুরু করেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা দিয়ে। পরে ২০০৬ সালে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে  আড়াইহাজার উপজেলায় উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ডিজিএম: পল্লী বিদ্যুৎ সমিতি- ২
সৈয়দা ফারজানা ইয়াসমিনের ডাক নাম নিপা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ৩ মে ২০০৮ সেবা মূলক প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগদান করেন। যোগদানের পর থেকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য পুরস্কৃত হওয়াসহ দক্ষতা ও অভিজ্ঞতার জন্য প্রতিটি কর্ম স্টেশনে সুনাম কুড়িয়েছেন তিনি।

উপজেলা সমবায় কর্মকর্তা 
দুই বছর যাবত আড়াইহাজার উপজলোয় সমবায় র্কমর্কতা হিসেবে র্কমরত আছেন নাহিদা নাছরিন শিমুল। তিনি ২০০০ সালে সমবায় বিভাগ চট্টগ্রামে যোগদান করে র্কমজীবনের সূচনা করেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই মিশুক এবং আন্তরিক।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
আড়াইহাজার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন রেজুয়ানা হক। তিনি ২০১৮ সালে আড়াইহাজার উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপি অফিস নিজস্ব জায়গায় করতে সক্ষম হয়েছেন। 

উপজেলা প্রকল্প কর্মকর্তা
উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীনূর বেগম খুকী। ২০১৭ সালে তিনি আড়াইহাজার উপজেলায় যোগদান করেন। অধ্যাবদি দায়িত্ব পালন করে আসছেন।  

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
আড়াইহাজার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ করছেন নাসরিন সুলতানা। ১৯৭৫ সালে বরিশালে জন্ম নেওয়া এ নারী কর্মজীবনে দেশের অনেক উপজেলায় কাজ করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা
উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন সুলতানা এলিন। ইতিমধ্যে স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে বেশ সুনাম অর্জন করেছেন।

তথ্যসেবা কর্মকর্তা 
বর্তমানে অত্যন্ত সততা, দক্ষতা ও জনপ্রিয়তার সাথে কাজ করছেন তথ্যসেবা কর্মকর্তা হিসেবে তথ্যকেন্দ্র, তথ্যআপা। তথ্যআপা তাছলিমা আক্তার প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ অর্থাৎ উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে গ্রামীণ অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত বা কম সুবিধা প্রাপ্ত নারীদের তথ্য ও সহযোগিতা প্রদানের জন্যে নিরলস পরিশ্রম করে চলেছেন তথ্যসেবার এ কর্মকর্তা।

ইত্তেফাক/এসসিএস