স্টাফ রিপোর্টার, রাজশাহী
প্রতিষ্ঠার ১৯০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী কলেজিয়েট স্কুলে শুক্রবার বসেছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীর মিলন মেলা। স্কুল জীবনের প্রিয় মানুষকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন। ১৯০ বছর পূর্তি উত্সব উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্কুলের প্রধান শিক্ষিকা ও ১৯০ বছর পূর্তি উত্সব আয়োজক কমিটির আহ্বায়ক ড. নূরজাহান বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৫৫ ব্যাচের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার এনামুল হক, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন ছাত্র আতফুল হাই সিদ্দিকী, ১৯৬০ ব্যাচের প্রাক্তন ছাত্র নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। আজ শনিবার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।