নকল বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বৃহস্পতিবার বেতাগীতে নকলমুক্ত পরীক্ষা, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এর পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকতে হাত তুলে অঙ্গীকার করেন। বেতাগীর হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নান্না মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন।