কুষ্টিয়ায় জ্ঞাত আয় বহির্ভূত কোটি টাকার উপরে অর্জনের অভিযোগে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান (৫৭) ও তার স্ত্রী বিলকিস রহমানের (৪৭) বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছে।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় দুদকের কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দুটি করেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৮ আগস্ট পর্যন্ত অর্জিত ৫২ লাখ ৫৫ হাজার টাকা আয়ের বৈধ কোনও উৎস দেখাতে পারেননি। দুদকের কাছে এ টাকার উৎস সম্পর্কে সঠিক জবাব দিতে ব্যর্থ হন প্রধান শিক্ষক।
এদিকে ২০০২ সালের ৮ অক্টোবর থেকে ২০২০ সালের ১৮ আগস্ট পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের স্ত্রী বিলকিস রহমান জ্ঞাত আয় বহির্ভূত ৫৫ লাখ ৩৩ হাজার টাকা অর্জন করেন বলে দুদকের তদন্তে উঠে আসে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সালের ২৬ এর (২) ও ২৭ এর (১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সালের ৪ এর (২) ও ৪ এর (৩) ধারা মোতাবেক অভিযোগ দায়ের করা হয়।
ইত্তেফাক/এসসিএস