ভ্রাম্যমাণ প্রতিনিধি
গত অর্থবছরে (২০১৭-২০১৮) ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির ৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৩৯১ টাকা লোকসান হয়েছে। তবে পল্লী বিদ্যুত্ সমিতির কর্মকর্তারা বলছেন, আগের অর্থবছরগুলোর চেয়ে লোকসানের পরিমাণ কমেছে। বৃহস্পতিবার ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০১৬-২০১৭ অর্থবছরে সমিতির লোকসানের পরিমাণ ছিল ৩৫ কোটি ৩২ লাখ ৭৭ হাজার ১৭১ টাকা।
ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন জানান, সিসটেম লস কমিয়ে আনা হয়েছে। ২০১৬ -২০১৭ অর্থবছরে সিসটেম লস ছিল শতকরা ১২ ভাগ। গত অর্থবছরে তা কমিয়ে ১১ দশমিক ২৭ ভাগে আনা হয়। তাছাড়া ব্যয় সংকোচ করে পরিচালন ব্যয়ও কমিয়ে আনা হয়েছে। এসব কারণে লোকসানের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক সংযোগ বাড়ানোর ফলে আয় বেড়েছে বলে তিনি জানান।