সোনাতলায় তিন দিন পর যাত্রা ও জুয়ার প্যাণ্ডেল ভণ্ডুল

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

সোনাতলা উপজেলার বন্যাকবলিত ও যমুনা নদী ভাঙন এলাকা চুকাই নগরে যাত্রাগানের নামে অশ্লীল নৃত্য ও রমরমা জুয়া খেলার তিন দিন পর যাত্রা প্যান্ডেল ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। খুশি হয়েছেন অভিভাবকরা। এসব অসামাজিক অনুষ্ঠানে অংশ নেয় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররাসহ বিভিন্ন বয়সের মানুষ।

জুয়া খেলায় অংশ নিয়ে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নৃত্য, গান, মাইকিং আর মানুষের  হৈই চই-এ ওই এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। অতিষ্ঠ হয়ে ওঠে শান্তিপ্রিয় মানুষ। এলাকার পরিবেশ হয়ে ওঠে নোংরা। যাত্রা প্যান্ডেলের আশ-পাশে রয়েছে মরিচ, কালাই প্রভৃতি ফসল। এ অনুষ্ঠানের কারণে এসব ফসলের ক্ষয়-ক্ষতি হয়। বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইট্স নামক মানবাধিকার বগুড়া জেলা সভাপতি বিকাশ স্বর্ণকার জানান, সোনাতলাসহ সমগ্র বগুড়ার কোথাও এমন ধরনের কার্যকলাপের সুযোগ দেওয়া উচিত নয়। কারণ এসব মানুষের জন্য ক্ষতিকর। তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামসুল হক বলেছেন, আমার ইউনিয়নে যে গত দুই-তিন ধরে যাত্রানুষ্ঠান শুরু হয়েছে এটা আমি জানি। তবে বেশিদিন চলতে দেওয়া যাবে না। সোনাতলা থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের সাথে এ বিষয়ে যোগাযোগ করে না পাওয়ায় অবশেষে ওসি জাহিদ হোসেনের সাথে কথা হয়। তিনি জানান, আমি বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকেলে কিছু ফোর্স পাঠিয়েছিলাম। তারা যাত্রা প্যান্ডেল ভেঙে দিয়েছে।