করোনার কারণে এক বছর হলো স্থগিত রয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। দেশের ক্রিকেটারদের কথা চিন্তা করে মে-জুনে লিগ শুরুর চিন্তা করছে বিসিবি। এছাড়া লিগ শুরুর বাড়তি প্রচেষ্টাও আছে বিসিবির। কারণ চলতি বছরই অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে প্রিমিয়ার লিগের অবস্থান অনুযায়ী কাউন্সিলরশিপ নির্ধারিত হয়।
সবমিলিয়ে ক্রিকেটারদের করোনা টিকা দেয়ার পর স্থগিত প্রিমিয়ার লিগ শুরু করতে চায় বিসিবি। তবে সময়ের স্বল্পতায় বদলে যাচ্ছে লিগের ফরম্যাট। সাধারণত ওয়ানডেতে হলেও এবার সংক্ষিপ্ত সময়ে লিগ শেষ করতে টি-২০’র দিকে ঝুঁকছে বিসিবি। গত বছরের দলবদল, দল অক্ষুণ্ণ রেখে টি-২০ ফরম্যাটে দ্রুত লিগ শেষ করা হবে।
মঙ্গলবার ( ৯ মার্চ) ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এমনটাই জানিয়েছেন। এদিন মিরপুর স্টেডিয়ামে বিসিবির কর্তাদের সঙ্গে সিসিডিএমের মিটিং হয়েছে। আগামী সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিংয়ের পরই ঠিক হবে লিগের ফরম্যাট।
কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘মে-জুন মাসে আমরা যদি নূন্যতম একটা উইন্ডো বের করতে পারি ২৫-৩০ দিনের চেষ্টা করছি। সেটা এখনও দেখছি, সেটা দেখে আমরা দ্রুতই ক্লাবদের সঙ্গে বসব এবং আলাপ করব। আমারা খেলোয়াড়দের কথা চিন্তা করে যেভাবে হোক আমরা টুর্নামেন্টটা আয়োজন করতে চাই। এমনও যদি দরকার হয় ফরম্যাট বদলে আলাদা ফরম্যাটে করতে হয়। যেখানে আমাদের প্রিমিয়ার লিগ ওয়ানডে টুর্নামেন্ট, যদি টি-টোয়েন্টিও করতে হয় তাহলে ক্লাবদের সঙ্গে আলাপ করে দেখব।’
ইত্তেফাক/এসআই