আজ দ্বিতীয় ওয়ানডে
স্পোর্টস রিপোর্টার
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে গিয়েই স্মরণীয় এক অভ্যর্থনা পেল ভারতীয় দল। স্থানীয় মাউরি জনগোষ্ঠী নেচে গেয়ে বরণ করে নিল টিম ইন্ডিয়াকে। যদিও, এত আতিথেয়তাও সফরকারীদের মনোযোগে কোনো ব্যাঘাত ঘটাতে পারছে না। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডকে এক বিন্দুও ছাড় দেবে না ভারত।
সিরিজের বাকি অংশে থাকছেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও, আশার ব্যাপার হলো, দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এমনকি হার্দিক পান্ডিয়াকে নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দিতেও বলা হয়েছে।
এরই মধ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন পান্ডিয়া। তবে, আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, তৃতীয় ওয়ানডেতেই তার দলে থাকার সম্ভাবনা প্রবল বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। সব মিলিয়ে তাই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতীয় দলে এখন স্বস্তির সুবাতাস। আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়।
আজকের ম্যাচ সামনে রেখে শিখর ধাওয়ান বলেন, ‘এই মাঠের ইতিহাস বলছে এখানে বড় স্কোর গড়া খুব সহজ। তবে, আমরা মাঠে নামার আগেই কোনো লক্ষ্য নির্ধারণ করতে চাচ্ছি না। আসলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের লক্ষ্য ঠিক করে নিতে হবে। তবে, একটা ব্যাপার না বললেই নয় যে, নিউজিল্যান্ডকে চাপে ফেলার জন্য আমরা চেষ্টার কোনো কমতি করবো না।’
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড - দু’টো সিরিজেই ভারত বেশ ভালো ভাবে বুঝিয়ে দিতে পেরেছে যে এখন আর তাদের কেবল ব্যাটসম্যানদের ওপর নির্ভর করতে হয় না। বরং, এখন তাদের বোলাররা অনেক ক্ষেত্রেই ব্যাটসম্যানদের চেয়ে বেশি সফল। নেপিয়ারে ভারতের প্রথম ম্যাচেই সেটার আঁচ টের পেয়েছে নিউজিল্যান্ড। শুরুটা হয়েছিল মোহাম্মদ শামির পেস তাণ্ডব দিয়ে। এরপর জুটি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল যেভাবে ব্ল্যাক ক্যাপদের ব্যাটিংয়ে ভুগিয়েছে, তাতেই ভারতীয় বোলিংয়ের ‘কোয়ালিটি’টা এখন পরিষ্কার। তাই এই বোলিং আক্রমণের সামনে আজও স্বাগতিক হওয়ার পরও যে নিউজিল্যান্ড দলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সেটা আর বলে না দিলেও চলে।