অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে ব্রিসবেন টেস্ট

স্পোর্টস রিপোর্টার

ব্যাটসম্যানরা না পারলেও ব্রিসবেনে বল হাতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল। দ্বিতীয় দিন শেষে অবশ্য ব্রিসবেন টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ স্বাগতিক অস্ট্রেলিয়ার হাতেই রয়েছে। গতকাল দিন শেষে ১৬২ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।

লাকমলের বোলিং তোপে প্রথম ইনিংসে ৩২৩ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল লঙ্কানরা। গতকাল প্যাট কামিন্সের করা দিনের শেষ বলে ওপেনার দিমুথ করুনারত্নের (৩) উইকেট হারিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ এখন এক উইকেটে ১৭ রান। লাহিরু থিরিমান্নে ৬ রানে অপরাজিত আছেন। কামিন্স-স্টার্কদের দাপট অব্যাহত থাকলে আজ তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে ব্রিসবেন টেস্ট।

আগের দিনের দুই উইকেটে ৭২ রান নিয়ে খেলতে নেমে গতকাল বাকি আট উইকেটে ২৫১ রান যোগ করে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের প্রথম ইনিংসটা বড় হতে দেননি লাকমল। ৭৫ রানে ৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট পেলেন লাকমল। গতকাল দিনের ষষ্ঠ বলে ওপেনার হ্যারিসকে ফেরান লাহিরু কুমারা। হ্যারিস ৪৪ রান করেন। তারপর লিঁওকে (১) মেন্ডিসের ক্যাচে পরিণত করেন লাকমল। ৮২ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরেন লাবুশানে ও ট্রাভিস হেড। পঞ্চম উইকেটে ১৬৬ রানের জুটি গড়েন তারা। দু’জনই হাফ সেঞ্চুরি তুলে নেন। তাদেরকে বিচ্ছিন্ন করেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। লাবুশানে ৮১ রান করে থিরিমান্নের হাতে ক্যাচ দেন। ইনিংসের ৯০তম ওভারে জোড়া আঘাত হানেন লাকমল। হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন তিনি। পঞ্চম বলে হেড ৮৪ রান করে এলবির ফাঁদে পড়েন। পরের বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক পেইন ক্যাচ দেন মেন্ডিসের হাতে। ২৭২ রানে সাত উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬ রান পরই কামিন্স চামেরার শিকার হন। ৯ম উইকেটে ২৬ রানের জুটি গড়েছিলেন প্যাটারসন ও স্টার্ক। তাতেই তিনশ’ পার হয় অস্ট্রেলিয়ার স্কোর। প্যাটারসনকে এলবির ফাঁদে ফেলে জুটি ভাঙেন এবং নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন লাকমল। প্যাটারসন ৩০ রান করেন। রিচার্ডসনকে আউট করে অস্ট্রেলিয়ার ইনিংসের লেজটা গুটিয়ে দেন দিলরুয়ান পেরেরা। স্টার্ক ২৬ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার পক্ষে দিলরুয়ান পেরেরা দুটি, চামেরা, কুমারা ও ডি সিলভা একটি করে উইকেট নেন।