কুকুরকে নেকড়ে বলে চালিয়ে দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ!

বিশ্বের অধিকাংশ দেশেই সরাসরি নেকড়ে দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হয়। এক্ষেত্রে মোটামুটি অংকের একটা পরিমাণ টাকা খরচ করতে হয় দর্শনার্থীদের। কিন্তু আপনি যদি নেকড়ে দেখতে গিয়ে কুকুর দেখে আসেন, তাহলে কেমন লাগবে!

চীনের হুবেই প্রদেশের জিয়াংউশান নামের একটি চিড়িয়াখানায় সম্প্রতি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দর্শনার্থীদের। নেকড়ে দেখতে গিয়ে তারা দেখেন খাঁচার ভেতর একটি কুকুর বসে আছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জু নামের স্থানীয় এক বাসিন্দা চিড়িয়াখানায় ঘুরতে আসেন। বাঘ, সিংহ দেখার পর নেকড়ের খাঁচার সামনে গিয়ে দেখেন সেখানে রটওয়েলার প্রজাতির একটি কুকুর চুপটি করে বসে আছে। সর্বপ্রথম তার চোখেই ব্যাপারটি ধরা পড়ে। তখন অন্যান্য দর্শনার্থীরাও এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

স্থানীয় এক গণমাধ্যমকে জু জানান, খাঁচার ভেতরে নেকড়ের জায়গায় কুকুর দেখে প্রথমে খানিকটা অবাক হন। পরে কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করলে তারা জানান, সেখানে থাকা নেকড়েটির বয়স জনিত কারণে মৃত্যু হয়েছে। তবে কুকুর রাখার কারণ হিসেবে কোনো ব্যাখ্যা দিতে পারেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

জিয়াংউশান চিড়িয়াখানায় কর্মরত এক ব্যক্তি জানিয়েছেন, সামনের একটি পার্কে কুকুরুটি থাকে। আপাতত কয়েকদিনের জন্য এটিকে খাঁচার ভেতর রাখা হয়েছে। তবে নেকড়ের খাঁচায় কেনো রাখা হয়েছে সে ব্যাপারে সঠিক কোনো জবাব দিতে পারেননি তিনি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সমালোচনায় মেতেছেন। আবার কেউ কেউ কুকুরটির এভাবে খাঁচায় বন্দি থাকা মেনে নিতে পারছেন না। তাদের দাবি, কুকুরটিকে যেন ছেড়ে দেয়া হয়।

ইত্তেফাক/টিএ