ভারতে মার্কিন হুইস্কির এত শুল্ক কেন? অসন্তষ্ট ট্রাম্প

 

মোটরসাইকেলের পর এবার হুইস্কি! আমেরিকা থেকে ভারতে আমদানি করা দ্রব্যের উপর শুল্ক কমাতে জোরালো সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে পারস্পরিক বাণিজ্য আইন নিয়ে সমর্থন জোটাতে একটি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির সদস্য শন ডাফির প্রণয়ন করা ওই আইনটি কংগ্রেসে পেশ করা হয়। তবে এই আইনের বিরোধিতায় মুখ খুলেছেন মার্কিন কংগ্রেসে ট্রাম্পের দলের সদস্যরাই। বিরোধী ডেমোক্র্যাটরাও এ নিয়ে খুব একটা উত্সাহী নন। ফলে এই আইনটি নিয়ে সওয়াল করছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। খবর আনন্দবাজার পত্রিকা

গত বছর আমেরিকার হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উপর থেকে ১০০ শতাংশ থেকে আবগারি শুল্ক কমিয়ে ৫০ শতাংশ করেছে নরেন্দ্র মোদী সরকার। ট্রাম্পের দাবি, মাত্র দু’মিনিটের কথাবার্তার পরেই সেই শুল্ক কমিয়েছে ভারত সরকার। যদিও সেই শুল্কের হারেও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। এখনও এ দেশে মার্কিন হুইস্কির উপরে শুল্কের বহর দেখে অসন্তুষ্ট ট্রাম্প।

এ দিনের বৈঠকে একটি সবুজ বোর্ড তুলে ধরেছেন তিনি। তাতে দেখা গিয়েছে, আমেরিকান হুইস্কির উপরে ১৫০ শতাংশ আবগারি শুল্ক চাপিয়ে রেখেছে ভারত। একে অবিশ্বাস্য বলে অ্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের কথায়, “ওরা (ভারত) হুইস্কি বানিয়ে আমাদের দেশে বেচে। আমরা তাতে শূন্য শতাংশ শুল্ক বসিয়েছি। আমাদের হুইস্কি ওখানে বিক্রি করলে ১৫০ শতাংশ শুল্ক দিতে হয়। ফলে ভারত ১৫০ শতাংশ শুল্ক পায়। আর আমরা কিছুই পাই না।”