জামাল ভুঁইয়ার বিকল্প মোহামেডানের সোহাগ

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এখন কলকাতায় আই লিগে মোহামেডানের জার্সি গায়ে খেলছেন। তিনি কবে জাতীয় দলে যোগ দেবেন, সেটা এখনই নিশ্চিত না হলেও তিনি টুর্নামেন্টে খেলবেন বলে জানিয়েছেন কোচ জেমি ডে। তবে জামাল আসার আগ পর্যন্ত এক ম্যাচ যদি হয়ে যায়, সেখানে জামালের জায়গায় খেলবেন মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ।

জেমি বললেন, ‘সোহাগ জামালের স্থানে নামবেন। জামাল যদি প্রথম ম্যাচে যোগ দেন, তাহলে এক হিসাব। আর যদি এক ম্যাচ পরে যোগ দেন, তাহলে অন্য হিসাব।’ তিনি বলেন, ‘জামাল ঢাকায় চলে আসতে পারেন, আবার নেপালেও চলে যেতে পারেন। সেটি নির্ভর করছে জামালের ওপর। কলকাতায় তার খেলা আছে।’

শেষ কবে জাতীয় ফুটবল দলে মোহামেডানের খেলোয়াড় ডাক পেয়েছিলেন তা স্মরণ করা কঠিন হয়ে গেল। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে মোহামেডানের ফুটবলারদের ডাক পাওয়ার কথা শোনা যায় না। ইংলিশ কোচ জেমির অধীনে এবারই প্রথম মোহামেডনের ফুটবলার ডাক পেয়েছেন। সোহাগ খেলবেন মূল জাতীয় দলে। আর অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের স্ট্যান্ডবাই তালিকায়ে যে সাত জনের নাম রয়েছে, সেখানে রয়েছে মোহামেডানের আরেক ফুটবলার আতিকুজ্জামানের নাম। কোচ জেমি ২১ মাস ধরে কাজ করছেন। তারও মনে পড়ছে না মোহামেডানের কোনো ফুটবলার তার অধীনে খেলেছেন।

ইত্তেফাক/এমআর