হত্যার হুমকিতে দেশ ছাড়ছেন ব্রাজিলের সমকামী সাংসদ

 রয়টার্স

ধারাবাহিকভাবে প্রাণে মেরে ফেলার হুমকি পাওয়ার পর পার্লামেন্ট থেকে পদত্যাগ ও দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রাজিলের সমকামী সাংসদ জেন ওয়াইলিস। ব্রাসিলিয়া থেকে নির্বাচিত সোশালিজম অ্যান্ড লিবার্টি পার্টির (পিএসওএল) এ সদস্যই ব্রাজিলের প্রথম পার্লামেন্টারিয়ান যিনি প্রকাশ্যে নিজের সমকামিতার কথা বলেছিলেন। দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ওয়াইলিস তার দেশত্যাগের ভাবনার কথা জানিয়েছেন ।

এ পার্লামেন্ট সদস্য জানান, মেরে ফেলার হুমকি তার জীবনকে বিষিয়ে তুলেছে। নিরাপত্তার কথা ভেবে তিনি রিও ডে জেনিরোর বাড়ি থেকে বের হওয়ার কথাও ভাবতে পারতেন না। দুর্বৃত্তরা তার মা ও ভাইবোনদেরও হুমকি দিয়েছে ।

ওয়াইলিস সম্প্রতি ব্রাসিলিয়ার ওই আসনেই পুনঃনির্বাচিত হয়েছিলেন। পিএসওএল জানিয়েছে, ওয়াইলিসের ছেড়ে দেওয়া আসনটিতে তারা আরেক সমকামী রিওর কাউন্সিলর ডেভিড মিরান্ডাকে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে। মিরান্ডা পুলিত্জারজয়ী মার্কিন সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের জীবনসঙ্গী। ব্রাজিলের প্রেসিডেন্টের দপ্তর তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ব্রাজিলীয় সংবাদপত্র ফোলহা দে সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাত্কারে ওয়াইলিস বলেছেন, গত বছর পিএসওএলের নেতা ও রিওর কাউন্সিলওম্যান মেরিয়েলে ফ্রাঙ্কোকে মেরে ফেলার পর থেকেই তিনি দেহরক্ষীদের নিয়ে ঘুরছেন। এ পরিস্থিতি তাকে ক্লান্ত করে তুলেছে।

নিরাপত্তাহীনতার জন্য ব্রাজিলের বর্তমান ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরোর দিকেও আঙুল তুলেছেন তিনি। সমকামী ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার রহিতের প্রতিশ্রুতি দিয়েছেন বোলসোনেরোর।