বিবিসি
ব্রিসবেনের একজন নারী টয়লেটে বসেছিলেন, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে সাপের কামড় খেয়ে তাকে লাফিয়ে উঠতে হলো। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। ৫৯ বছর বয়সী হেলেন রিচার্ডকে এরপরে তার একজন আত্মীয়ের বাসায় সাপের কামড় প্রতিরোধী ইনজেকশন দেওয়া হয়। তবে অজগর জাতের সাপের কামড়ে তার শরীরে ছোট একটি ক্ষতের সৃষ্টি হয়েছে। এ জাতীয় সাপের কামড়ে বিষ থাকে না।
সাপটিকে পরে যিনি ধরে নিয়ে যান, সেই প্রাণী উদ্ধারকর্মী জেসমিন যেলেনি বলছেন, গরমের সময় এ জাতীয় সাপগুলোর টয়লেটে আশ্রয় নেওয়ার ঘটনাটি সাধারণ একটি ব্যাপার। ওই ঘটনার সময় তীক্ষ্ণ একটি খোঁচা অনুভব করেছিলেন মিজ রিচার্ডস। কুরিয়র মেইল পত্রিকাকে তিনি বলছেন, “আমি প্যান্ট খোলা অবস্থাতেই লাফিয়ে উঠলাম এবং পেছন ফিরে দেখতে পেলাম, লম্বা গলার একটি সাপ টয়লেটের ভেতর থেকে বেরিয়ে আসছে।” প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় টয়লেটে অজগর সাপের আশ্রয় নেওয়ার ঘটনাটি একটি সাধারণ ব্যাপার।
গত দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ায় চরম তাপদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যেই গরমের দিক থেকে সেটি দেশটির বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছে। এই তাপদাহে চরম সংকটে পড়েছে প্রাণীরাও। এরই মধ্যে ঘোড়া, বাঁদুড় আর নানা প্রজাতির মাছ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।