বগুড়ার ধুনট উপজেলা সদরের মুজিব চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে ধুনট উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। তবে বেলা পৌনে ১১টা পর্যন্ত ছাত্রলীগের কোন পক্ষই মুজিব চত্বর এলাকায় আসেনি।
ধুনট থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ করেন। ছাত্রলীগের দু’পক্ষের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় বিকট শব্দে পর পর ৭টি ককটেল বিস্ফোরিত হয়। এ কারণে বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে শহর এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করেন। বৃহস্পতিবার মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বেলা পৌনে ১১টা পর্যন্ত কোন পক্ষই সমাবেশ স্থলে আসেনি। মুজিব চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এএএম