চব্বিশ নারী শিল্পীর ছবি নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার দুই নম্বর গ্যালারিতে শুরু হয়েছে ‘কন্যা আর আমরা’ শীর্ষক প্রদর্শনী। শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে ফেসবুকের ম্যাসেঞ্জারভিত্তিক গ্রুপ ‘কন্যা’।
গতকাল শুক্রবার বিকালে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চিত্রকর মনসুর উল করিম। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম চারুশিল্পী সংসদের সভাপতি মহিউদ্দীন আহমেদ, শিল্পী আহমেদ নেওয়াজ, উত্তম গুহ ও আবদুল মান্নান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের দলনেতা শাকিলা চয়ন।
কন?্যার সভাপতি শাকিলা চয়ন বলেন, আঠারো বছর বিরতি দিয়ে ছবি আঁকতে শুরু করেছি। আমরা যারা একত্রে আঁকতে শুরু করেছিলাম, তাদের এই জগতে আবার ফিরিয়ে আনার জন্য এই গ্রুপটি তৈরি হয়েছে। গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। পারিবারিক, সামাজিক বাধা ও আলস?্য উপেক্ষা করে সবাই সাড়া দিয়েছেন শিল্পিত এ আয়োজনে। যারা আঁকা প্রায় ছেড়ে দিয়েছিলেন, ঢাকার বাইরে থেকে এ রকম অনেকে এসেছে এবং পুনরায় আঁকতে শুরু করেছেন।
২৪ শিল্পীর ক্যানভাসে নিসর্গ, নারী, ফুল, পাখির কলতান, গ্রামীণ জীবনসহ পৌরাণিক আখ্যানের চরিত্রসহ বিবিধ বিষয় উঠে এসেছে। অ্যাক্রেলিক, জলরং, তেলরং ও ছাপচিত্রের আশ্রয়ে আঁকা হয়েছে চিত্রকর্মসমূহ। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
চারুকলায় রস উত্সব :খেজুরের সর উত্সব হয়ে গেল চারুকলা প্রাঙ্গণে। খেজুরের তাজা রসের সঙ্গে খৈ, মুড়ি আর পিঠা খাওয়ার ধুম পড়ে ভোরবেলায়। আরো ছিল সাংস্কৃতিক আয়োজন। সব মিলিয়ে শুক্রবার সকালটা বেশ আনন্দেই কেটেছে রসপ্রেমী নাগরিকদের। সাংস্কৃতিক সংগঠন ‘রঙ্গে ভরা বঙ্গ’র আয়োজনে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো রস উত্সব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় রস উত্সবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। রঙ্গে ভরা বঙ্গর সভাপতি অধ্যাপক হায়াত্ মামুদের সভাপতিত্বে অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের সাবেক পরিচালক শাহিদা খাতুন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডা’র চারুকলা বিভাগের অধ্যাপক আলাউদ্দিন আলী। উত্সবে খেজুরের রস, খেজুরের গুড় আর খৈ-মুড়িতে অতিথিদের আপ্যায়ন করা হয়। সবশেষে ছিল খেজুরের রস পানের পালা। তারপর টাঙ্গাইলের অর্জুনার খোকামণ্ডলের নাচারির দল মনসামঙ্গলের বেহুলার ভাসানের অংশ পরিবেশনায় জমিয়ে তোলে আয়োজন।
সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে তপন মাহমুুুদকে সংবর্ধনা :প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদের বেতার-টেলিভিশনে (১৯৬৯-২০১৯) সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘জয়তু তপন মাহমুদ’ শিরোনামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে তপন মাহমুদের গাওয়া ৫০টি রবীন্দ্রসঙ্গীত ও ১২টি হারানো দিনের গান নিয়ে একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। সংকলনটির নাম ‘সুদূরের পিয়াসী’।
গতকাল বিকালে শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, নাট্যজন ম. হামিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোখসানা মালেক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী মকবুল হোসেন ও পীযূষ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ রায়। সভাপতিত্ব করেন সংগঠনের সহ- সভাপতি মাহমুদ সেলিম।