ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আসন্ন উপজেলা নির্বাচনেও পরাজয়ের আশঙ্কায় বিএনপি অংশগ্রহণ করার সাহস পাচ্ছে না। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, কে নির্বাচনে অংশ নিবে, কে নিবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রকৃতপক্ষে তাদের আত্মহননের মতো সিদ্ধান্ত ছিল। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে, তাহলে সেটিও ২০১৪ সালের মতো আত্মহননের মতো সিদ্ধান্ত হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি জাতির পিতার ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ খেতাব প্রাপ্তির ৫০তম বর্ষ ২২ ফেবব্রুয়ারি। আমরা সেই উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে জায়গা প্রাপ্তি সাপেক্ষে দুই দিনব্যাপী বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করব। এছাড়া ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির পক্ষ থেকে দেশ-বিদেশের বরেণ্য লেখকদের বক্তব্য সম্বলিত একটি প্রকাশনা বের করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শেখ তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।