ইত্তেফাক রিপোর্ট
দেশে থ্যালাসেমিয়ার ওষুধ উত্পাদন করবে ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান জুলফারের অঙ্গ-প্রতিষ্ঠান ‘জুলফার বাংলাদেশ লিমিটেড’। এটি সংযুক্ত আরব আমিরাতের একটি বহুজাতিক ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে অনুষ্ঠিত সেমিনারে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া, এর প্রকোপ, প্রতিকার এবং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি। তিনি বলেন, আজকের এই আরব আমিরাতের পিছনে বাংলাদেশের জনগণেরও অনেক অবদান রয়েছে। আমি মনে করি জুলফার আরব আমিরাতসহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষের জন্যও ভালো কিছু করতে পারবে। জুলফার বাংলাদেশ এর সিইও সেলিম সোলায়মান বলেন, থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার অংশ হিসেবে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো আয়রন চিলেটর হিসেবে ব্যবহূত ওষুধ ডেফেরাসিরক্স চিলোভা উত্পাদন শুরু করছি।