ট্রেনে কাটা পড়ে সাব-রেজিস্ট্রার নিহত

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে মাহবুব আলম নামে এক সাব-রেজিস্ট্রার নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে আশকোনা ও কাওলার মধ্যবর্তী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মাহবুব মিরপুরে সাব-রেজিস্ট্রার অফিসে চাকরি করতেন। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মিরপুর এলাকায় থাকতেন। ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বলেন, সকালে আশকোনা ও কাওলার মধ্যবর্তী রেললাইনে বসেছিলেন মাহবুব। এসময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।