মাধবপুরে দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছে দুই বোন

হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছে দুই বোনের শরীর। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে হাবিবা আক্তার বৃহস্পতিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে কে বা কারা ঘরের জানালার গ্রিল ভেঙ্গে তার উপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হাবিবা আক্তারের মুখ ঝলসে যায়। দাহ্য পদার্থে হাবিবার পাশে ঘুমিয়ে থাকা তার ছোট বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের হাত ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। পরিবারের লোকজন তাদেরকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিত্সা দিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাইফুর রহমান সোহাগ জানান, এটি এসিড কি না তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে তা দাহ্য পদার্থ। একটি মেয়ের মুখের প্রায় ৮০ শতাংশ ঝলসে গেছে। ছোট মেয়েটির হাতে কিছু অংশ ঝলসেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।