রাউজান থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. পারভেজকে (৪০) তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বায়োজিদ থানাধীন অক্সিজেন এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই পারভেজকে নিয়ে তার গ্রামের বাড়ি রাউজানের পশ্চিম গুজরার মগদাইয়ে পরিচালিত অভিযানে দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী পারভেজ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে মগদাই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। তার অপর দুই সহযোগী হলেন— কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ওলোচামারী আশ্রয়ণ প্রকল্পের ৫নং ব্লকের মৃত নজির আহম্মদের পুত্র মনজুর আলম (৩৫) এবং কর্ণফুলী থানার উত্তর বন্দরের কোট্টাপাড়া এলাকার মৃত ইসমাঈল হোসেনের পুত্র বশির হোসেন (৩৩)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে ইতোপূর্বে রাউজান থানায় ১০টি এবং হাটহাজারী থানায় ১টি মামলা রয়েছে।