মেহেদী হাসান
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বৈঠকে ৬টি এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এগুলো হচ্ছে:সংসদের সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী চূড়ান্তকরণ, কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে দলের একক প্রার্থী ঠিক করা, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনীত করা, উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাই ও করণীয়, দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচনের আগে সংলাপে অংশগ্রহণকারী দলগুলোকে গণভবনে পিঠা ও চায়ের আমন্ত্রণ প্রসঙ্গ।
দলীয় সূত্র জানায়, আগামী ২ ফেব্রুয়ারি বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনের আগে যেসব দলের নেতা সংলাপে অংশ নিয়েছিলেন তাদের আনুষ্ঠানিকভাবে গণভবনে পিঠা ও চায়ের নিমন্ত্রণ জানানো হতে পারে। শিগিগরই সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও আমন্ত্রণ পাবেন।
এবার একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের আবেদনপত্র ক্রয় করেছেন ১৫১০ জন। ফরম বিক্রি করে দলটি আয় করেছে চার কোটি ৫৩ লাখ টাকা। আওয়ামী লীগের জন্য নির্ধারিত ৪৩ টি সংরক্ষিত আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সেটি আজকের বৈঠকে নির্ধারিত হবে।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটিতে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি, ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়েতুল ইসলাম, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনসহ ৫ জন। জানা গেছে, সৈয়দ আশরাফের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন তার বোন সৈয়দ জাকিয়া নূর লিপি। আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে এর আগে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আদালতের রায়ে ওই নির্বাচন স্থগিত হয়ে যায়। আইনি জটিলতা শেষে আবার নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডিএনসিসিতে মেয়র পদে ব্যবসায়ী না রাজনীতিবিদ কাকে মনোনয়ন দেওয়া হবে, সে ভাবনাও রয়েছে আওয়ামী লীগে। দলের মধ্যে আলোচনা রয়েছে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও বিএম মোজাম্মেল হককে নিয়েও। কিন্তু দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, আতিকুল ইসলামকে যেহেতু এর আগে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, এবারও তিনিই মনোনয়ন পেতে পারেন। এ পর্যন্ত ৭ জন প্রার্থী মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। আজ রাতেই জানা যাবে কে হচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
এদিকে বিএনপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। ধাপে ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনে এবার দলীয় প্রতীকে ভোট হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্দ দেবে আওয়ামী লীগ। জানা গেছে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থিতা উন্মুক্ত রাখার চিন্তা-ভাবনা করছে আওয়ামী লীগ। কি ধরনের প্রার্থী দলের মনোনয়ন পাওয়ার যোগ্য হবেন সেই মানদণ্ড নির্ধারণ হবে গণভবনে আজকের বৈঠকে।