বরাবরের মতোই নিউজিল্যান্ডের উইকেটে বাউন্স থাকে। যা পেসারদের সাহায্য করে। তবে সম্প্রতি রানের জোয়ারও দেখা যায় সেখানে। কন্ডিশন বিবেচনায় সাত পেসার নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। স্বীকৃত স্পিনার বলতে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন করতে পারেন মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, আফিফ হোসেনরা।
নয়নাভিরাম সৌন্দর্যের কুইন্সটাউনে গতকাল বাংলাদেশ দলের অনুশীলনে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলছেন, স্পিনাররা নিউজিল্যান্ডে বড় ভূমিকা রাখতে পারে। উদাহরণ হিসেবে সম্প্রতি শেষ হওয়া সিরিজে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ান স্পিনারদের পারফরম্যান্স স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
বুধবারই কুইন্সটাউনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভেট্টোরি। গতকাল পাহাড়, আকাশে মেঘের উড়াউড়ি, সবুজ মাঠ, উড়োজাহাজের উড্ডয়নের নৈসর্গিক সৌন্দর্যের আধার কুইন্সটাউনে টাইগারদের অনুশীলনে ছিলেন সাবেক এ বাঁহাতি স্পিনার। এ সিরিজের পরই বিসিবির সঙ্গে চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে।
নিউজিল্যান্ডের কন্ডিশনেও আসন্ন সিরিজে স্পিনারদের গুরুত্ব দেখছেন ভেট্টোরি। গতকাল স্পিনারদের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার মনে হয় স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি দেখবেন মিচেল স্যান্টনার, ইশ সোধি সাম্প্রতিক সিরিজে কেমন সফল ছিল। এমনকি অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবাই জানে স্পিন সাদা বলের ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ অংশ।’
অফস্পিনার মিরাজের অভিজ্ঞতায় ভরসা রাখছেন ভেট্টোরি। তিনি বলেন, ‘বিশেষত মিরাজ, যেমন তার অভিজ্ঞতা এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেমন সফল ছিল, আমার মনে হয় সে দলকে অনেক কিছু দিতে পারবে। তার সঙ্গে মেহেদী এবং নাসুম আছে। আমার মনে হয় তারা দলে জায়গা করে নিতে পারে এবং দলের পারফরম্যান্সে অবদান রাখতে পারে।’
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজে স্পিনারদের মধ্যে ইশ সোধি ১৩, স্যান্টনার ৬, অ্যাস্টন অ্যাগার ৮, অ্যাডাম জাম্পা ৪ উইকেট নিয়েছিলেন।
এক বছর পর বাংলাদেশ দলের সঙ্গে ফিরে খুশি ভেট্টোরি। সাবেক এ নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশের ছেলেদের সঙ্গে কুইন্সটাউনে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। এক বছর পরে সবাইকে দেখতে পারাটা দারুণ ব্যাপার। পরিচিত মুখদের দেখতে পেরে ভালো লাগছে, বিশেষ করে স্পিনারদের এবং নেটে তাদের সঙ্গে ফেরা। অনেক লম্বা সময় পর, তাই যেকোন ক্রিকেট, আউটডোর কার্যক্রম ভালো লাগছে। নিউজিল্যান্ড খুবই ভাগ্যবান যে আমরা খেলাধুলা চালিয়ে যেতে পারছি এবং বাংলাদেশ সিরিজ হবে কেবল মাত্র সেটিরই ধারাবাহিকতা।’
ইত্তেফাক/এসআই