মেডিক্যাল রিপোর্ট ছিল না, এটা রাজনৈতিক রিপোর্ট

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটের নবগ্রামে গণধর্ষণের শিকার গৃহবধূকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি গতকাল শুক্রবার হাসপাতালে চিকিত্সাধীন ওই নারীকে দেখতে যান। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যুবলীগের নেতা স্বীকার করলেও আজ শুনলাম মেডিক্যাল রিপোর্টে কিছু পাওয়া যায়নি। এটা মেডিক্যাল রিপোর্ট ছিল না, এটা রাজনৈতিক রিপোর্ট ছিল। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে এই ধরনের মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে।

মওদুদ আহমদ অভিযোগ করেন, মামলার প্রধান আসামি স্থানীয় যুবলীগ নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও চিকিত্সকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর বিচার অবশ্যই আদালতে হবে। এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান উপস্থিত ছিলেন।