ভেড়ামারায় সংবর্ধনায় ইনু
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, আমি শাসক নই, সেবক হতে চাই। আমার পরিচয়, আপনাদের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। আমি মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের পক্ষের লোক। আমি সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে। সন্ত্রাসী, জঙ্গিবাদের বিরুদ্ধে। আমি চাই, গণতন্ত্র অক্ষুণ্ন করে, অসাম্প্রদায়িক চেতনার একটি সোনার বাংলাদেশ গড়তে। তিনি গতকাল শুক্রবার ভেড়ামারার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি সকল মাধ্যমিক স্কুল জাতীয়করণের দাবি জানান।
জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি প্রথম ভেড়ামারায় পৌঁছান। প্রায় সহস্রাধিক মোটর সাইকেলের শোভাযাত্রার মাধ্যমে তিনি তার গোলাপনগর বাসভবনে যান। এরপর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ হাসানুল হক ইনুকে ফুলেল শুভেচ্ছা জানান।