যশোরের অভয়নগর উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের সপের মোড়লের ছেলে ইজিবাইক চালক শহিদ মোড়ল (৪২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত অজ্ঞাতনামা ঘাট শ্রমিক (৩৫)।
অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলম জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস যশোরের দিকে যাচ্ছিলো। পথে অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় খুলনামুখী একটি ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে অভয়নগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকের চালকসহ সাতজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, সাতজনের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা হাসপাতালে স্থানান্তরের জন্য বলা হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এএএম