ইঞ্জিনিয়ার হতে গেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই তিনটি বিষয় সকল শিক্ষার্থীর জন্যই বাধ্যতামূলক। ছোটবেলা থেকে আমরা সবাই এ কথাটাই শুনে আসছি এবং বাস্তবেও তাই। এমনকি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়াটাও বাধ্যতামূলক। কিন্তু এখন থেকে ইঞ্জিনিয়ার হতে গেলে নাকি এর কোনোটিই লাগবে না।
সম্প্রতি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) তাদের নতুন শিক্ষানীতিতে এমনটাই জানিয়েছে। নিয়ম বদলের ফলে এখন থেকে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও ইঞ্জিনিয়ার হতে পারবে। এক্ষেত্রে বিকল্প কিছু বিষয় এনেছে তারা। ফলে তাদের জন্য গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই তিনটি বিষয় আর বাধ্যতামূলক থাকছে না।
নতুন শিক্ষানীতিতে মোট ১৪টি বিষয় এনেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। সেগুলো হলো- গণিত, ইলেকট্রনিক্স, ইনফর্মেশন টেকনোলজি, বায়োলজি, বিজনেস স্টাডিজ, ইনফর্মেশন প্র্যাক্টিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস গ্রাফিক্স, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার সায়েন্স এবং অন্তেপ্রেনারশিপ।
এআইসিটিই জানিয়েছে, এক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে এই ১৪টি বিষয়ের মধ্যে অন্তত ৩টি বাধ্যতামূলক থাকতে হবে। একই সঙ্গে সেগুলোতে কমপক্ষে ৪৫ শতাংশ নাম্বার নিয়ে পাশ করতে হবে। তাহলেই কেবল আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে।
ভবিষ্যতের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে দ্বাদশ শ্রেণিতে বাণিজ্য বিভাগে অধ্যায়ন করা শিক্ষার্থীরাও ইঞ্জিনিয়ার হতে পারবে।
অবশ্য জয়েন্ট এন্ট্রান্স এবং আইআইটির ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য নয়। সেগুলোতে আগের মতোই গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই তিনটি বিষয় বাধ্যতামূলক থাকতে হবে।
ইত্তেফাক/টিএ/এসজেড