শ্রীপুরে স্বামীকে ছয় টুকরা করে হত্যা স্ত্রীসহ আটক দুই

শুক্রবার শ্রীপুর থানা পুলিশ পৌর এলাকার গিলারচালা গ্রামের একটি বাঁশ ঝাড়ের ময়লার স্তূপে পড়ে থাকা এক শ্রমিকের ৬ টুকরা দেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশের টুকরাগুলো রফিকুল শেখের (৩০) বলে পুলিশ জানায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জীবন নাহার ও তার এক মহিলা স্বজনকে প্রকৃত ঘটনা জানতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত যুবক ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উলমাকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে শ্রীপুর পৌর এলাকার হাউ আর ইউ কারখানার শ্রমিক ছিল। তারা স্বামী-স্ত্রী স্থানীয় আব্দুল হাইয়ের বাড়িতে ভাড়া থাকত। শুক্রবার সকালে ঐ বাড়ির  অন্য এক ভাড়াটিয়া বাড়ির পেছনে রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দিলেও পুলিশ বিকেলে গিয়ে এ লাশ উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ির বাজারের পাশে গিলারচালা এলাকায় মেঘনা কম্পোজিট কারখানার সীমানার প্রাচীরের বাইরে আব্দুল হাইয়ের ভাড়া বাড়ির পেছনে একটি বাঁশ ঝাড়ে শুক্রবার সকালে রক্তমাখা বস্তা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে নিহত যুবকের লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়।  

শ্রীপুর থানার এসআই আমিনুল বাহার জানান, বাঁশ ঝাড়ে তার লাশের ৪ টুকরা বস্তায় ভরা ছিল। আর ৪শ’ গজ দূরে একটি পায়ের খণ্ডিত অংশ এবং নিহতের ঘরের পাশের ডাস্টবিন থেকে বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। পরে খণ্ডিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।