চট্টগ্রাম অফিস
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনিতে হত্যা মামলার আসামি দিদারুল ইসলাম প্রকাশ টেডি দিদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নগরীর সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টেডি দিদার ‘কিলিং স্কোয়াডের’ সদস্য ও সোহেলকে ছুরিকাঘাতকারী বলে পুলিশ জানায়। দিদারুল পাহাড়তলী এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, মহিউদ্দিন সোহেলকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দিদারুল ইসলামসহ গতকাল পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে কথিত গণপিটুনির ঘটনায় নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। ৮ জানুয়ারি রাতে ডবলমুরিং থানায় স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদ, জাতীয় পার্টির নেতা ওসমান খানসহ ২৭ জনকে এজাহারভুক্ত করে ও প্রায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেন মহিউদ্দিন সোহেলের ছোট ভাই মো. শাকিরুল ইসলাম শিশির।