মির্জাপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বেতন ভাতা বৃদ্ধির দাবীতে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় মালিক পক্ষ শ্রমিকদের অবরোধ বন্ধ ও শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্দ শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। হামলায় দুই কর্মী গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় নিরাপত্তা কর্মী (আনসার সদস্য) মো. রাসেল মিয়াকে (৩৫) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটন মিলে এ ঘটনা ঘটেছে।

কারখানার শ্রমিকরা জানায়, বেতন ভাতা বৃদ্ধির দাবীতে তাদের এ আন্দোলন। শ্রমিকদের মধ্যে রেহানা বেগম (২৭), আলামিন মিয়া (৩৬) ও মজনু মিয়া (৪০) সহ অনেকেই অভিযোগ করেন, গার্মেন্টসে বেতন ভাতা বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলেও নাহিদ কটন মিলের শ্রমিকদের মালিক পক্ষ কোন বেতন ভাতা বৃদ্ধি করেনি এবং কোন সুযোগ সুবিধা দেওয়া হয়নি। দীর্ঘ দিন ধরে তারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বেতন ভাতা বৃদ্ধির জন্য মালিক পক্ষকে অনুরোধ করা হলেও বেতন ভাতা বৃদ্ধি না করে তাদের বিভিন্ন ভাবে হুমকি, ভয়ভিতি এবং চাকুরী থেকে অন্যায় ভাবে চাটাই করা হচ্ছে। এছাড়া তারা কোন সরকারী ছুটি ভোগ করতে পারে না। এখন তাদের মুল দাবী হচ্ছে শ্রমিকদের মত তাদের বেতন ভাতা বৃদ্ধি, বেতন প্রতি মাসের (১-৭) তারিখের মধ্যে পরিশোধ, অভার টাইম প্রদান ও সরকারী বিভিন্ন ছুটি প্রদান।

এ ব্যাপারে নাহিদ কটন মিলের ম্যানেজার এ্যাডমিন মো. মোস্তাকিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী সিদ্ধান্তে বেতন বৃদ্ধি পেয়েছে পোষাক কারখানার (গার্মেন্টস) কর্মীদের। নাহিদ কটন মিল পোষাক করাখানা নয়। এখানে তুলা থেকে সুতা উত্পাদন হয়। কতিপয় শ্রমিক কর্মচারী মিলের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনছেন। মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকরা তা মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন।