বিএনপির মিথ্যাচারে আমরা হতাশ ------------------ হানিফ

গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ-এর স্মরণ সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল হানিফ বলেছেন, ‘একটি সময় মনে করতাম বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৃজনশীল রাজনীতি করতে চান বা তার ইচ্ছা আছে। কিন্তু সমপ্রতি তার লাগাতার মিথ্যাচারের কারণে তার ব্যাপারে আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফর উল্লাহ একটা তথ্য দিয়েছেন, দুই বছর তারেক রহমানকে রাজনীতি থেকে বিরত রাখতে। বিএনপি একটা ভালো অবস্থানে আসার পর ওনাকে দেশে আনা হবে। হানিফ বলেন, ‘তারেক রহমানকে কেন দেশের বাইরে রাখতে চান? কারণ তারেক রহমান সন্ত্রাসী, তারেক রহমান দুর্নীতিবাজ। তিনি বহু মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তাই এই পরামর্শ দেওয়া হয়েছে। জিয়া পরিবার বাংলাদেশের জন্য একটি অভিশপ্ত পরিবার। তারা এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এই পরিবারের নেতৃত্ব এ দেশের মানুষ আর চায় না।’ বিএনপির উদ্দেশে হানিফ বলেন, যদি দেশের জন্য রাজনীতি করতে হয় তাহলে শেখ হাসিনার পাশে দাঁড়ান, নয়তো চুপচাপ থাকেন।

হানিফ বলেন, ‘বিএনপি বলছে, ওনারা নাকি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু নির্বাচনে অংশ না নিলে এটা হবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত। এতে করে আপনারা রাজনীতি থেকে ছিটকে পড়বেন। আর জনগণের আস্থাও আপনাদের ওপর থেকে উঠে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ শামীম ওসমান বলেন, ‘যদি দেশের পরিস্থিতি এরকম স্বাভাবিক থাকে, এরকম সুন্দর থাকে, আমার নেত্রীর উপর আবারও হামলার চেষ্টা না হয়, তাহলে আগামী প্রজন্মের জন্য আমি আমার জায়গা থেকে এই মুহূর্তে সরে যেতে রাজী আছি।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশা, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভুঁইয়া, মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।