সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে মদ্যপানে ৩ যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের রাতে অতিরিক্ত মদ্যপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় আমিনুর রহমানের বাড়িতে বুধবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে স্থানীয় একদল যুবক বিয়ার পান করলে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল দুপুরে মিজমিজি এলাকার আবুল হোসেনের ছেলে আশিক হোসেন (২০), একই এলাকার আলাউদ্দিনের ছেলে আকিবুল হাসান (২৪) ও রাসেল (২৭) মারা যান। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ১২টি বিয়ারের খালি ক্যান জব্দ করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুর রহমানের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান বা নকল বিয়ার পান করার ফলে চার যুবক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে আশিক, আকিব এবং রাসেল মারা যায়। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।