পাকিস্তান দলে ফিরছেন হাফিজ, শাদাব

আসন্ন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি দলে ফিরেছেন বর্ষীয়ান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও সহঅধিনায়ক শাদাব খান। আর এবারের পিএসএল ও জাতীয় টি-টোয়েন্টি কাপে ভালো খেলে ২০১৬ সালের পর আবার জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার শারজিল খান।

তিন ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন বর্ষীয়ান পেসার ওয়াহাব রিয়াজ ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ওদিকে হাঁটুর ইনজুরির জন্য এবারের টেস্ট দলে থাকছেন না লেগস্পিনার ইয়াসির শাহ। টেস্ট দলে জায়গা পেয়েছেন শাহনাওয়াজ ধানি ও জাহিদ মাহমুদের মতো নতুন মুখ।

২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমরা। এরপর ১৭ এপ্রিল বুলাওয়েতে পা দিবে পাকিস্তান দল। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে তারা।

টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র, মো. রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মাদ হাসনাইন, আরশাদ ইকবাল, উসমান কাদির।

ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, ফাখার জামান, আবদুল্লাহ শফিক, হায়দার আলী, দানিস আজিজ, সউদ শাকিল, মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, ফাহিম আশরাফ, মো. নওয়াজ, মোহাম্মাদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মাদ হাসনাইন, হাসান আলী, উসমান কাদির।

টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলী, আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, সউদ শাকিল, আগা সালমান, ফাহিম আশরাফ, মো. নওয়াজ, মো. রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, রাবিশ খান, হাসান আলী, শাহনাওয়াজ ধানি, নোমান আলী, জাহিদ মাহমুদ, সাজিদ খান।

ইত্তেফাক/এমআর