ওয়েইন রুনির বিদায়ী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। তবে ঘরের মাঠ ওয়েম্বলিতে নিজের শেষ ম্যাচ খেলার পর রুনি জানালেন কোচ সাউথগেটের হাতেই নিরাপদে থাকবে ইংল্যান্ড দল।
মিডফিল্ডার জেসে লিংগার্ডের গোলে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। এর ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন লিভারপুল রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সাউথগেটের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে জেসে লিংগার্ডের বদলি হিসেবে মাঠে নামেন রুনি। ৭৭ মিনিটে অভিষিক্ত ক্যালম উইলসনের গোলে ৩-০ গোলের জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র আধা ঘণ্টা আগে মাঠে নেমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২০তম ম্যাচ পূর্ণ করেন রুনি।
২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রুনির। ২০১৫ সালে ববি চার্লটনকে (৪৯ গোল) পেছনে ফেলে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড। বিদায়ী ম্যাচের আগে জাতীয় দলের হয়ে তিনি শেষবারের মতো খেলেন ২০১৬ সালের নভেম্বরে।
ওই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। ২০১৭ সালে জাতীয় দলকে বিদায় বলে দিলেও চলতি নভেম্বরের শুরুর দিকে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হন রুনি। মূলত নিজের নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনের জন্য তিনি খেলতে রাজি হওয়ায় প্রীতি ম্যাচটির নাম হয়েছিল ‘দ্যা ওয়েইন রুনি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল’।
দলে সর্বকালের সর্বাধিক গোলদাতার বিদায়ী ম্যাচটি সিক্ত হয়েছে অভিবাদনে। ম্যাচ শুরুর আগে সাবেক ইংলিশ অধিনায়ককে গার্ড অব অনার দেয়া হয়। এর পর তাকে থ্রি লায়নের সোনালী ব্যাচ পরিয়ে দেন বর্তমান ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। রুনি বলেন, ‘যে হ্যারিকে এই ব্যাচ পড়ানোর জন্য ডাকার কারণ হচ্ছে সে-ই আমার গোলের রেকর্ড ভাঙতে পারবে বলে আমি মনে করি। ট্রফিসহ এমন একটি উপহার তাকে পরিয়ে দেয়ার অপেক্ষায় রইলাম আমিও।’
ম্যাচশেষে স্কাইস্পোর্টসকে রুনি জানান, বর্তমান কোচের অধীনে নিরাপদেই আছে ইংল্যান্ড দল। রুনির ভাষায়, ‘এটা আমার মত। কিন্তু আমি মনে করি, এটাই সবচেয়ে নিরাপদ হাত। কেননা আমি এই সপ্তাহে দেখেছি যেভাবে খেলোয়াড়দের কোচিং করানো হচ্ছে এবং যেভাবে তারা তাতে সাড়া দিচ্ছে তা অসাধারণ।’
রুনি আরও বলেন, ‘এটা তরুণ খেলোয়াড়দের একটি দারুণ দল যাদের উজ্জ্বল ভবিষ্যত্ আছে এবং ভবিষ্যতে একটি শিরোপা ইংল্যান্ডে আনার সামর্থ্য রাখে। আমি আশা করবো তারা পারবে। আর তা হলে আমি সেই সব সমর্থকদের একজন হবো যারা তাদের সাফল্যে উদ্বেলিত হবে।’
জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শেষ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর্তমানে মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের হয়ে খেলা রুনি। তিনি বলেন, ‘এটা দারুণ। আজকের ম্যাচটা খেলে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে পারাটা অসাধারণ ছিল।’
দলের পারফর্মেন্স নিয়ে রুনি বলেন, ‘আমি মনে করি ছেলেরা ভালোই খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমি গোল করতে পারিনি কিন্তু এই ম্যাচটা আমার মানসপটে অনেকদিন ধরেই অক্ষত থাকবে।’
শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে নামার সময় দর্শকদের উষ্ণ অভ্যর্থনাই পেয়েছিলেন রুনি। এ ব্যাপারে তিনি জানান, ‘তারা আমাকে দারুণ অভ্যর্থনা জানিয়েছে। এই মুহূর্তটাকেও কখনো ভোলা সম্ভব না।’
এক নজরে রুনির আন্তর্জাতিক ক্যারিয়ার
ম্যাচ ১২০
গোল ৫৩
যোগান ২০