রাউজানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাম ঘোষণা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত দলীয় বর্ধিত সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন সভার প্রধান অতিথি স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

দলীয় প্রার্থীরা হলেন- উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান পরিষদের চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের (সদস্য) প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।

আরো পড়ুন: নির্বাচনে জয়ী হওয়ায় শেখ হাসিনাকে ট্রাম্পের অভিনন্দন

এছাড়াও সভায় উপজেলার দায়িত্বরত সম্পাদকমণ্ডলীসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি