আফগানিস্তানের পশ্চিম হেরত প্রদেশের রাস্তার পাশে বোমা বিস্ফোরণ এবং বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক লোকসহ কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছে। এই সহিংস ঘটনায় প্রায় ৭০ জন আহত হয় যাদের অধিকাংশই বেসামরিক। আহতদের মধ্যে রয়েছে ২০ জন নারী ও ১২ জন শিশুসহ মোট প্রায় ৬০ জন।
সংবাদ মাধ্যম আরব নিউজের বরাতে জানা যায়, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ঐ গাড়ি বোমার লক্ষ্য ছিল, ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশের পুলিশের একটি ঘাঁটি। আরিয়ান বলেন, ঐ বিস্ফোরণে পার্শ্ববর্তী আবাসিক এলাকার কমপক্ষে ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
হেরাতের হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিক ভাবে এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। তালিবান বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেছেন যে, এই বোমার ব্যাপারে তারা সম্পৃক্ত নয়।
তবে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি তালিবানের উপর দোষারোপ করে বলেন, বিদ্রোহীরা আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অন্যায় যুদ্ধ ও সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং আরও একবার প্রমাণ করেছে যে, এই সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির বিষয়ে তাদের কোন আগ্রহ নেই।
পৃথক আরেকটি ঘটনায় দক্ষিণের ঊরজুগান প্রদেশের রাজধানী টারিনকটে আজ সকালে রাস্তার ধারে একটি বোমা বিস্ফোরণে তিন জন বেসামরিক লোক নিহত এবং আরও চারজন আহত হয়েছে।
ইত্তেফাক/এএইচপি