ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রজার গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রজার স্টোনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার ফ্লোরিডায় নিজ বাড়ি থেকে রজারকে গ্রেপ্তার করে এফবিআই। তার বিরুদ্ধে কংগ্রেসের কাছে মিথ্যা বলাসহ সাতটি অভিযোগ এনেছে মুলারের তদন্ত কমিটি। রজারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে মুলারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়েছিল। খবর সিএনএনের

রবার্ট মুলার আদালতে উপস্থাপন করা নথিতে বলেছেন, রজার স্টোন ডেমোক্র্যাটদের ই-মেইল উইকিলিকসে ফাঁস করার বিষয়টি আগেই জানতেন। ই-মেইল ফাঁস ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পরাজয়ে ভূমিকা রেখেছিল বলে বিশ্লেষকরা জানিয়েছেন। রজার স্টোনের বিরুদ্ধে সাতটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সরকারি কাজে বাধা প্রদান, কংগ্রেসের কাছে মিথ্যা বলা ও সাক্ষ্যে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ আছে। রজারকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতের বাইরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কখনো প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেবো না। এর আগে রজারের আইনজীবী গ্র্যান্ট স্মিথ বলেন, তার মক্কেল কোনো দোষ করেননি। তিনি হয়তো কংগ্রেসের কিছু বলতে ভুলে গিয়েছিলেন। রাশিয়ার সঙ্গে তার কোনো যোগসাজস নেই।