রুটের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

অধিনায়ক জো রুটের ১২৪ এবং শেষ দিকে বেন ফোকসের অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শক্ত অবস্থানে সফরকারী ইংল্যান্ড।

আলোর স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ হয়ে যাওয়ার আগে ক্যান্ডিতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করেছে। ১ উইকেট হাতে রেখে ২৭৮ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। ফোকস ৫১ এবং জেমস এন্ডারসন ৪ রানে অপরাজিত আছেন।

বোলিং অ্যাকশন নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আতশী কাচের নিচে থাকা স্পিনার আকিলা ধনঞ্জয়া ৬ উইকেট নেন।

সেঞ্চুরিয়ান রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পরের বলেই শূন্য রানে স্যাম কারানকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন ধনঞ্জয়া। তবে তার আশা পূরণ হতে দেননি আদিল রশিদ। এরপর ২ রান করা রশিদও তার শিকারে পরিণত হন। পাঁচ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন এ স্পিনার।

দিনের চা পান বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন রুট। ১৪৬ বল মোকাবিলায় ১০টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি হাঁকান রুট। এ অসাধারণ ইনিংস খেলার পথে তিনি যথার্থ সাহায্য পেয়েছেন ফোকসের।

দিলরুয়ান পেরেরাকে ছক্কা হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি করা ফোকসের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন রুট। সিরিজের প্রথম ম্যাচে অভিষেক টেস্টে সেঞ্চুরির স্বাদ পাওয়া ফোকস আগ্রাসী ব্যাটিং করে দলের রান ঊর্ধ্বমুখী রাখেন।

ইংল্যান্ড দলের উপরের সারির সাত ব্যাটসম্যনই সুইপ শট খেলে আউট হন। ধনঞ্জয়ার বলে রিভার্স সুইপ শট খেলতে গিয়ে স্টাম্পড হন ৩৪ রান করা জস বাটলার। একইভাবে সুইপ শট খেলতে গিয়ে লেগ বিফোরের শিকার হন ১০ রান করা মঈন আলী।

এর আগে নিজের দ্বিতীয় টেস্টেই প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান বাঁ-হাতি ব্যাটসম্যান ররি বার্নস। ৫৯ রান করে মালিন্দা পুষ্পকুমারার বলে লেগ বিফোর হন বার্নস। দিনের দ্বিতীয় বলেই ১ রান করে পেরেরার শিকার হন নাইটওয়াচম্যান জ্যাক লিচ।

কিটন জেনিংসের (২৬) সাথে দ্বিতীয় উইকেট জুটিতে বার্নস ৭৩ রান যোগ করে দলকে স্থিতিশীল অবস্থায় আনেন এবং ইংল্যান্ডের ৪৬ রানে পিছিয়ে পড়া থেকে সামনে এগিয়ে দেন।— বাসস