সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্টাইল করে চুল ও দাড়ি কাঁটার কারণে ৫ তরুণকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্যাতনের শিকার এক তরুণ ৯৯৯ নম্বরের ফোনে অভিযোগ করলে শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সিরাজ মিয়া, আনর মিয়া ও শ্যামল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পরে শনিবার (১৩ মার্চ) নির্যাতিত এক তরুণ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের সমসপুর গ্রামের পরিমল শব্দ করের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ভাতিজা ভূবেশ কর, সুবেন্দ্র কর, সুবাস কর, নয়ন কর ও হৃদয় কর, লিপন দাস পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের একটি সেলুনে চুল ও দাড়ি কাটছিলেন। এ সময় সেলুনে আসা মইজপুর গ্রামের সিরাজ মিয়া, লোহারগাঁও গ্রামের ফুল মিয়া, পাটলী চক গ্রামর আনর মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের শাহীন মিয়া, পাটলী চক গ্রামের আতাউর রহমান ও আনর মিয়া তরুণদের স্টাইল করে চুল দাড়ি কাঁটা নিয়ে বিদ্রূপ ও কটূক্তি করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ তরুণদের পিটিয়ে জোর পূর্বক মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ভূবেশ শব্দ কর জানান, এমন ঘটনায় আমরা হতাশ। এসএসসি পরীক্ষার্থীসহ ৭ জনের মধ্যে ৫ জনকে মাথা ন্যাড়া করে নির্যাতন করা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক রাজিব রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসজেড