দীর্ঘ ৪১৭ দিন পর জালের দেখা পেলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো। তার ক্লাব ম্যানচেস্টার সিটি পেলো প্রত্যাশিত জয়। প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামকে তাদেরই মাঠে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল পেপ গুয়ার্দিওলার দল।
শনিবার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মধ্যে একে একে স্কোরবোর্ডে নাম লেখান জন স্টোনস, গাব্রিয়েল জেসুস ও আগুয়েরো।
এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাটেড থেকে ১৭ পয়েন্টে এগিয়ে গেল সিটি।
গত বুধবার ঘরের মাঠে সাউথ্যাম্পটনকে ৫-২ গোলে হারানো দলে সাত পরিবর্তন নিয়ে মাঠে নামে সিটি। এক বছরেরও বেশি সময় পর একসঙ্গে শুরুর একাদশে দেখা গেলো জেসুস ও আগুয়েরোকে।
প্রথমার্ধে ফুলহ্যাম গোলরক্ষক আলফুঁস আরিওলাকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি সিটি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অপেক্ষা ফুরোয় সিটির। জোয়াও কানসেলোর ক্রসে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার স্টোনস। আসরে এটি তার চতুর্থ গোল।
এরপর স্বাগতিক রক্ষণের ভুলে বল পেয়ে যান অরক্ষিত জেসুস। গোলরক্ষককে কাটিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬০তম মিনিটে স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন আগুয়েরো। ডি-বক্সে ফেররান তরেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। দীর্ঘ ১৪ মাস বা ৪১৭ দিন পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন আগুয়েরো।
৩০ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইত্তেফাক/টিআর