রৌমারী উপজেলায় পল্লী বিদ্যুৎ সংযোগের নামে ৬৫ জন গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বাগুয়ার চর গ্রামের প্রতারক চক্রটি এক মাসের মধ্যে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে রৌমারী এরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের খরচ বাবদ গ্রামবাসীর কাছ থেকে জন প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এদিকে এক বছর অতিবাহিত হলেও মিলেনি পল্লী বিদ্যুতের আলো। একইভাবে বিদ্যুৎ অফিসের অসাদু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুতের খুঁটি, তার, বোর্ড ও মিটার দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রটি।
অভিযোগকারী শফিকুল ইসলাম জানান, গ্রামের কয়েকজন দালাল পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে বিদ্যুৎ অফিসের খরচ বাবদ সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। এখন বিদ্যুৎ সংযোগ তো দূরের কথা টাকাও ফেরত দিচ্ছে না তারা।
জামালপুর পল্লী বিদ্যুৎ রৌমারী জোনাল ম্যানেজার (ডিজিএম) শামিম খাঁন বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত কর্মকর্তা জামালপুর পল্লী বিদ্যুৎ রৌমারী সহকারী ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, তদন্তের প্রথম পর্যায়ে বিদ্যুৎ সংযোগের নামে স্থানীয় প্রতারক চক্রটি গ্রামবাসীর কাছ থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা উত্তোলনের বিষয়ে সত্যতা পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।
ইত্তেফাক/এমআর