সেই টি-টোয়েন্টি এক্সই হচ্ছে না!

স্পোর্টস রিপোর্টার

আঙুলের ইনজুরির পুনর্বাসন চলাকালেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি ও অনাপত্তিপত্র চেয়ে বসেন। উদ্দেশ্য ছিল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ইএই টি-টোয়েন্টি এক্স খেলার। অনেক জল ঘোলার পর এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি খেলার অনুমতিও পেয়েছিলেন সাকিব।

কিন্তু, টি-টোয়েন্টি এক্সের প্রথম আসরটা খেলা হচ্ছে না। শুধু সাকিব নয়, সাকিবের সাথে আরো যারা এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছিলেন, তারা কেউই খেলতে পারছেন না। পারবেন কি করে, গোটা টুর্নামেন্টটাই যে বাতিল হয়ে গেছে।

দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে আগামী মাসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটিকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছে। আইসিসির অনুমোদন পাওয়ার পরও এই টুর্নামেন্ট বাতিলের কারণ হলো পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির জন্য এখনো মালিকই খুঁজে পায়নি ইসিবি ও বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ওপি গ্রুপ।

শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, ইয়ন মরগ্যান, ডেভিড মিলার ও আন্দ্রে রাসেলের মত ক্রিকেটারদের এই টুর্নামেন্টে আইকন ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল। তবে এর সবই এখন অতীত।

টি-টোয়েন্টি এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান সারোয়ার বাট আমিরাতের দৈনিক দ্য ন্যাশনালকে অবশ্য আভাস দিলেন যে, আরব আমিরাতে না হলেও ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছেন তারা। তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এবার আরব আমিরাতে এই আসরটা আয়োজন করতে পারছি না। তবে, টি-টোয়েন্টি এক্স দারুণ একটা ব্যাপার হতে পারতো।’

চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মত কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাতিল হলো। এর আগে হংকং টি-টোয়েন্টি ব্লিটজের এবারের আসরে সরে ২০১৯ সালে চলে গেছে।

যদিও ইসিবির ১০ ওভারের ক্রিকেট টি-টেন লিগ আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী ২৩ থেকে ২ ডিসেম্বর সময়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।