কুমিল্লায় নিহত ১৩ শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লায় কয়লার ট্রাক চাপায় নিহত ১৩ জন শ্রমিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। শনিবার সকাল ৮টায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

এর আগে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্নময়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃতদেহগুলো হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুভাশিষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, শিমুবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: কুমিল্লায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে ১ লাখ টাকা

চেয়ারম্যান হামিদুল হক জানান, একই স্থান থেকে মীরগঞ্জ ইউনিয়নের মৃতদেহগুলোও হস্তান্তর করা হয়। শনিবার সকালে শিমুলবাড়ি ও মীরগঞ্জ এলাকায় লাশ নিয়ে আসা হয় কাভার্ডভ্যানে। এখানকার আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের পরিবার বাকি কাজগুলো সম্পন্ন করবে।

পাশাপাশি দুই ইউনিয়নের ১৩টি প্রাণ এভাবে শেষ হয়ে যাবে মেনে নিতে পারছেন না কেউ। শিমুলবাড়ি ইউনিয়নের প্রাক্তন সদস্য আনিসুর রহমান বলেন, হতদরিদ্র পরিবার এগুলো। কোনোভাবে মেনে নেয়া যায় না। পরিবারের উপার্জনকারী ব্যক্তি ছিলেন তারা।

কাভার্ডভ্যান থেকে যখন তাদের নামানো হচ্ছিল তখন চারদিক থেকে ভেসে আসলো কান্নার রোল। শুধু কি জ্ঞাতিগোষ্ঠী, রাজবাড়ি কর্নময়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যারা উপস্থিত ছিলেন তাদের কেউ-ই চোখের পানি ধরে রাখতে পারেননি।

নিহতরা হলেন- মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায়, মানিক চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায়, কিশব চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায়, অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় ও কামাক্ষা রায়ের ছেলে অমিত চন্দ্র রায়, পাঠানপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোরসালিন হোসেন, ফজলুল করিমের ছেলে মাসুম হোসেন, জাহাঙ্গির আলমের ছেলে সেলিম হোসেন ও রামপ্রাসাদের ছেলে বিপ্লব রায় এবং শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি এলাকার অমুল্য চন্দ্র রায়ের ছেলে মনোরঞ্জন রায়, মৃত. জগদিশ চন্দ্র রায়ের ছেলে মিনাল চন্দ্র রায়, ধৌলু চন্দ্র রায়ের ছেলে কনক চন্দ্র রায় ও রাজবাড়ি এলাকার মৃত. খোকা রাম রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায়।

ইত্তেফাক/বিএএফ