রাজশাহীর তানোর উপজেলার তালোন্দ ইউনিয়নের লালপুর গ্রামে একটি আলুর ক্ষেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান (এস২-এ জি জি) আছড়ে পড়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে আড়াদীঘি লালপুর এলাকায় বিমানটি আছড়ে পড়ে। এতে বিমানে থাকা দুজন শিক্ষানবিশ পাইলট মবিন ও মাহফুজ আহত হন। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।
তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, এস২-এ জি জি মডেলের বিমানটি বিকট শব্দে একটি আলু ক্ষেতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও দমকল কর্মীদের জানাই। তাদের সঙ্গে ঘটনাস্থলে এসেছি।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন জানান, বাংলাদেশ ফ্লাইং একাডেমি ওই প্রশিক্ষণ বিমানটি রাজশাহীর তানোরের আকাশে উড়ছিল। এ সময় তানোর উপজেলার লালপুর এলাকায় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রশিক্ষণ বিমানটি ক্ষেতে আছড়ে পড়ে। এতে বিমানটি উল্টে যায়। এই দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
ইত্তেফাক/ইউবি