জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস মাদ্রাসায় পালন করার সময় কেকের বদলে ব্যঙ্গাত্মক ভাবে পাউরুটি কেটে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে মাদ্রাসার সুপার। এ ঘটনায় মাদ্রাসার সুপারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা মাদ্রাসায় ঘটে। ঘটনাটি ফেসবুকে লাইভ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদ্রাসার সুপার আব্দুস সালাম ও সহকারী শিক্ষক গোলাম কবির, আজমল হোসেন ও মো. কতুবুলকে আটক করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিতর্কিত করা লক্ষ্যে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করছিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ। স্থানীয়রা তা ফেসবুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান লালু, সাধারণ সম্পাদক ও ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইউনুস আলী, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মাসির আলি ঘটনার সত্যত্যা স্বীকার করেন এবং ঘটনাটি ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন।
ইত্তেফাক/এনএ