১১ এপ্রিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরে ১৩ ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার (১৮ মার্চ)। শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করায় অর্থাৎ দলীয় প্রতীক না থাকায় জমজমাট পরিবেশ বিরাজ করছে।
প্রথম দফার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সাধারণ সদস্য পদে ৪শ ২১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১শ ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে আচরণ বিধি মানাতে এদিন কঠোর অবস্থানে ছিল প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ও ভ্রাম্যমাণ আদালত মোট ৬ প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করে। আটক করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বেশিরভাগ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ৯৩ জন, সাধারণ সদস্য পদে ৪শ ২১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১শ ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আচরণবিধি ভঙ্গ করায় এদিন ৬ প্রার্থীকে অর্থদণ্ড জরিমানা করা হয়েছে। কোনো অবস্থাতেই নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করতে দেয়া হবে না।
ইত্তেফাক/এমএএম