নরসিংদীতে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

নরসিংদীতে অটোরিকশা চালক এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, নিয়ে গেছে তার অটোরিকশাটি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরতলীর কামারগাঁও কবরস্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাওন মিয়া (১৫) নরসিংদী মীর ইমদাদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। সে শহরের পশ্চিমকান্দাপাড়ার কাইয়ুম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, শাওনের বাবা গত দুই দিন যাবত্ অসুস্থ। তাই সংসারের খরচ যোগাতে গত দুই দিন ধরে শাওন অটোরিকশা চালাচ্ছিল। বুধবার দুপুরে খাওয়াশেষে বিকালে অটোরিকশা নিয়ে বের হয় শাওন। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সকাল ১০টার দিকে কামারগাঁও এলাকার একটি কবরস্থানের পাশে শাওনের লাশ দেখতে পেয়ে ‘৯৯৯’ এ ফোন দেয় এলাকাবাসী। পরে সদর মডেল থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঐ কবরস্থানের পেছন থেকে শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


নরসিংদীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানিয়েছেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শাওনকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিহতের পিতা কাইয়ুম মিয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/এমএএম