দলই চা-বাগানে পাতা সংগ্রহ শুরু

কমলগঞ্জ উপজেলার দলই চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়ন শুরু হয়েছে। মৌসুমের প্রথম ব্যক্তিমালিকানাধীন দলই বাগানে চা-পাতা চয়নের উদ্বোধন করেন সিলেট টি কোম্পানি লিমিটেডের এজিএম। গত বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে চা-বাগানের ৫ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়।

সরেজমিনে দেখা যায়, বাগানের সেকশনে সেকশনে চা-গাছ নতুন কুঁড়িতে ভরে হয়ে উঠেছে। দলই চা-বাগান কর্তৃপক্ষ ও চা-শ্র্রমিকরাও চা-পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষমাণ। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস চা-বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন।

বৃহস্পতিবার সিলেট টি কোম্পানি লিমিটেডের অধীনস্থ দলই চা-বাগানের ৫ নম্বর সেকশনে নারী শ্রমিকরা পুজো-অর্চনাসহ সব আনুষ্ঠানিকতা শেষ করলে চা-পাতা চয়নের উদ্বোধন করেন কোম্পানির এজিএম মো. খালিদ মঞ্জুর খান। এ সময়ে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন দলই চা-বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম জাকারিয়া, আব্দুর রউফ মৃদুল, মো. আব্দুল আহাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ ও নারী চা-শ্রমিকরা। পরে চা-পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম পাতি উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা।

চা-পাতা চয়ন উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট টি কোম্পানি লিমিটেডের এজিএম খালিদ মঞ্জুর খান বলেন, মৌসুমের প্রথম এবছর চা-পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্য দিয়ে আশাতীত উত্পাদন সম্ভব হবে বলে তিনি দাবি করেন।

ইত্তেফাক/এমআর