বাগেরহাটে সংঘর্ষ: সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

বাগেরহাটে দুই মেম্বার (ইউপি সদস্য) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অস্ত্র ও গুলিসহসাবেক ইউপি চেয়াম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ইউপি চেয়ারম্যানের লাইসেন্সকৃত একটি দোনালা বন্দুক ও ১৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডেমা গ্রামে বর্তমান সদস্য মো. সজিব তরফদার ও ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

আটকৃতরা হলেন-ডেমা ইউনয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল তরফদার (৭১), তার মেয়ে মাকসুদা তরফদার (৩৫), পারভেজ তরফদার (১৮) ও জসি মল্লিক (২৬)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময় উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধ হয়। এ খবর পেয়ে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করা হয়। এদিকে গুলিবিদ্ধদের বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ পুলিশ সাবেক ইউপি চেয়াম্যানসহ ৪ জনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম